Ridge Bangla

লেবার নেতা বার্নহ্যামের অঙ্গীকার: ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, সরকার পরিচালনার জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। দলের নেতৃত্ব গ্রহণের পর প্রথম ভাষণে তিনি বলেন, “আমি জানি আমি কী বিশ্বাস করি এবং সরকারে গিয়ে কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ আ প্ল্যান)।”

শুক্রবার (১৭ জুলাই) লন্ডনের টিইউসি সদর দফতরে লেবার পার্টির নেতা হিসেবে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দেন বার্নহ্যাম। এ সময় তিনি বলেন, যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জনসেবার মান এবং আঞ্চলিক বৈষম্য নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা মোকাবিলায় তার সরকার নির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

তিনি জানান, সামাজিক সেবা ব্যবস্থার সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দেশের বিভিন্ন অঞ্চলের হাতে আরও প্রশাসনিক ও আর্থিক কর্তৃত্ব তুলে দেওয়া এবং পুনরায় শিল্পায়নের পথে যুক্তরাজ্যকে এগিয়ে নেওয়া তার সরকারের অগ্রাধিকার পাবে। এসব বিষয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বার্নহ্যামের ভাষ্য, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নেতৃত্ব কর্মজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার সরকার সেই জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে।

ভাষণে গত চার দশকের ‘নব্য উদারপন্থি’ অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন তিনি। তার দাবি, এসব নীতির কারণে দেশের শিল্পভিত্তি দুর্বল হয়েছে এবং আঞ্চলিক বৈষম্য বেড়েছে। তাই নতুন সরকার ভিন্ন পথে এগিয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করবে।

গত মাসে লেবার পার্টির সাবেক নেতা স্যার কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নেতৃত্বের দৌড়ে এগিয়ে আসেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের ৩৭৯ জন সংসদ সদস্য এবং লেবার-সংশ্লিষ্ট ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের নেতা নির্বাচিত হন।

আগামী সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অ্যান্ডি বার্নহ্যাম।

This post was viewed: 5

আরো পড়ুন