লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। হামলায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (২৭ জুন) গভীর রাতে দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত গোলানি ব্রিগেডের ১২ নম্বর ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, রাত প্রায় ২টার দিকে তাদের একটি সেনাদল দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান এলাকার একটি গ্রামে প্রবেশ করলে হিজবুল্লাহর এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ক্যাপ্টেন ডেভিড হাজুত নিহত হন এবং আরেক সেনা সদস্য আহত হন। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।
হামলার পর হামলাকারীকে শনাক্ত ও আটক করতে ওই এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে বিভিন্ন স্থানে বিমান হামলাও চালানো হয়।
চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির সমঝোতা হয়, যার আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। শুরুতে ইসরায়েল এ যুদ্ধবিরতির শর্ত মানতে অনাগ্রহ দেখালেও পরে যুক্তরাষ্ট্রের চাপে তা মেনে নেয়। তবে এরপরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলা অব্যাহত রয়েছে।