আবারও লেবাননের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।
হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনারা জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের অবস্থানের কাছাকাছি এলাকায় একাধিক ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরপরই সামরিক পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে, একই দিন সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় এক ডজন গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বর্তমানে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি বেশ অস্থিতিশীল। যুদ্ধবিরতি লঙ্ঘনের এ ঘটনায় দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।