Ridge Bangla

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৯ জন

লেবাননে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাঁদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও সদস্যরা। বেসামরিক হতাহতের বিষয়ে তারা অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ থামেনি। বরং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এক সিরীয় নাগরিক নিহত এবং তার ১২ বছর বয়সী মেয়ে আহত হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। এতে তিন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

This post was viewed: 5

আরো পড়ুন