Skip to main content

Ridge Bangla

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ত্রিপলীতে আটক ১৫৮ বাংলাদেশি নাগরিক

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির অভ্যন্তরে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে অভিবাসনবিরোধী অভিযানে অনেক বাংলাদেশি আটক হন। এসব আটক অভিবাসীদের মানবিক সহায়তা ও দেশে প্রত্যাবাসনের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিল দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, “দূতাবাসের ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টায় এই ১৫৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। আইওএমের সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইওএম প্রতিনিধিরা ফিরতি অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া থেকে আরও কিছু বাংলাদেশিকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

This post was viewed: 58

আরো পড়ুন