Ridge Bangla

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (২৪ জুন) ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজী থেকে ১৭৩ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। তারা স্থানীয় সময় বুধবার বুরাক এয়ারের একটি ফ্লাইটে বেনগাজী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

দূতাবাস জানায়, সম্প্রতি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ বেনগাজী সফরের সময় অবৈধ অভিবাসন প্রতিরোধ সংস্থার ডেপুটি প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেনগাজীসহ লিবিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের কল্যাণ এবং নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন এবং সেখানে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার বিষয়ে সহযোগিতা চান। একই সঙ্গে তাদের দ্রুত দেশে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন।

এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। সেখানে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফেরানোর জন্য দূতাবাসের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের জানানো হয়।

পাশাপাশি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি, এর নেতিবাচক প্রভাব, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব সম্পর্কে তাদের সচেতন করেন রাষ্ট্রদূত। দেশে ফিরে দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেন তিনি।

দূতাবাস আরও জানায়, পরিদর্শনের সময় আটক বাংলাদেশিদের সাক্ষাৎকার নেওয়া, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং তাদের জন্য ট্রাভেল পারমিট দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়।

গানফুদা ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের দ্রুত ফেরানোর লক্ষ্যে রাষ্ট্রদূত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার লিবিয়ার বেনগাজী আঞ্চলিক পরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়।

পরে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় প্রথম ধাপে ১৭৩ বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

ডিটেনশন সেন্টারে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

This post was viewed: 2

আরো পড়ুন