Skip to main content

Ridge Bangla

লিচু চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় বাগান থেকে লিচু চুরির ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু চুরি করছিল পার্শ্ববর্তী চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির দুই ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। আজিজুলের ছেলে আকরাম মোল্যা এতে বাধা দিলে তাকে মারধর করে ওই দুই ভাই।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে আজিজুল মোল্যা ফুলবাড়িয়া বাজারে গিয়ে তার ছেলেকে মারধরের কারণ জানতে চান। এ সময় অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাকিল ও তুষার বাঁশের লাঠি দিয়ে বৃদ্ধ আজিজুলের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় আজিজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মোশারফ মুন্সিসহ তার সমর্থকদের বাড়িতে হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। রাতে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন