পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে একটি তিনতলা ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলি জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। তার ভাষ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনও এক শিশু আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হারিস আলি বলেন, “ভবনটির ওপরের তলা থেকে শুরু করে একে একে সবকটি তলা নিচে ভেঙে পড়ে।” তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান দ্রুত শেষ করতে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে।