Ridge Bangla

লালমনিরহাটে আ.লীগ–জাপার ৫৬ ইউপি সদস্যের দলত্যাগের ঘোষণা

লালমনিরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সমর্থিত ৫৬ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য একযোগে দলত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৪৪ জন এবং জাতীয় পার্টি সমর্থিত ১২ জন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় তারা সম্মিলিতভাবে এই ঘোষণা দেন।

সভায় খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালমিয়া এবং মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীসহ একাধিক সদস্য এক কণ্ঠে বলেন, “আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দলে যোগ দেব।”

অন্যদিকে, জাতীয় পার্টির সমর্থিত সদস্য ও মহেন্দ্রনগর ইউপি সদস্য সাহাবুল হকও তার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী সদস্যদের মধ্যে রয়েছেন লালমিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য), মমতাজ আলী (মহেন্দ্রনগর ইউপি সদস্য), সাহাবুল হক (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপা সদস্য), আজিজুল ইসলাম (হারাটি ইউপি সদস্য), ইব্রাহীম মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য)সহ মোট ৫৬ জন।

একাধিক ইউপি সদস্য জানিয়েছেন, তাদের মধ্যে কয়েকজন বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে অনেকেই এখনই কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না, পরে সিদ্ধান্ত জানাবেন।

This post was viewed: 43

আরো পড়ুন