Ridge Bangla

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত এক কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৪৫), তার মেয়ে সায়মা বেগম (২১) ও ইকরা বেগম (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন শাহিনুরের আরেক মেয়ে সিফা বেগম (১৩)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে দীর্ঘদিন ধরে তারা রায়পুর শহরের ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাসা থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। পরে ঘরের ভেতরে মা ও মেয়েদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

This post was viewed: 5

আরো পড়ুন