Ridge Bangla

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের মো. সজিব (২৪)। আটক ইমরান একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটকের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু এ তথ্য নিশ্চিত করেন।

যৌথবাহিনীর তথ্যমতে, অভিযানে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম জানান, উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

This post was viewed: 21

আরো পড়ুন