র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, নতুন ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে র্যাবের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন আহসান হাবীব পলাশ। পরে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপি ছাড়াও রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি পিবিআই সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন কাজ করেছেন। পরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।
পেশাগত দক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ লাভ করেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।