Ridge Bangla

র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি এবং কান ধরিয়ে ওঠবস করানোর মাধ্যমে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশের মনপুরা এলাকায় র‍্যাগিং করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা ক্যাম্পাসের যেকোনো স্থানে টিজ, র‍্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ। ওই বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was viewed: 1

আরো পড়ুন