Skip to main content

Ridge Bangla

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান মার্কিন বিশেষ দূত সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

সার্জিও গর বলেন, “আজ আমি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির, যেখানে দশ লক্ষেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা তাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন।”

এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন মার্কিন বিশেষ দূত। সেখানে তিনি স্থানীয় রোহিঙ্গা প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে আসেন।

সার্জিও গর বৃহস্পতিবার, ৩০ জুলাই দুপুরে সরকারি সফরে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সফরের শেষ দিনে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন