Ridge Bangla

‘রোডশো নয়, ভালো কোম্পানি তালিকাভুক্ত করলেই পুঁজিবাজারে আস্থা ফিরবে’: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারকে চাঙা করতে রোডশোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তার মতে, ভালো ও শক্তিশালী কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে পারলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।

শনিবার (১৮ জুলাই) পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে এফডিসিতে আয়োজিত একটি ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই। তিনি রোডশোর নামে অর্থ অপচয়কে সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

তিনি জানান, ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে কমিশন ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে হাউজগুলোতে ঘন ঘন অডিটের ব্যবস্থা করা হচ্ছে, যা পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, খ্যাতনামা বহুজাতিক কোম্পানি ও বড় বড় প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের কালক্ষেপণ করা হবে না। তার মতে, এতে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আরও আগ্রহী হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে একীভূত হওয়া পাঁচটি ব্যাংক ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মাসুদ খান।

তিনি আরও বলেন, বর্তমানে বিএসইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। পাশাপাশি বিএনপি সরকার নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজারকে চাঙা করার যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন