Ridge Bangla

রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রবাসী শ্রমিকদের সুবিধার্থে পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেখি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের অবদান অনন্য। তাই তাদের সেবায় পাসপোর্ট ফি কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে দ্রুত ইলেকট্রনিক গেট (ই-গেট) চালুর বিষয়ে আলোচনা চলছে, যাতে তারা নির্বিঘ্নে দেশে প্রবেশ ও প্রস্থান করতে পারেন।

তিনি আরও জানান, বিমানবন্দরে যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর করা ও যাত্রীসেবাকে সহজ করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রীদের অযথা ভোগান্তি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। “আমরা চাই বিমানবন্দরের সার্বিক সেবা ব্যবস্থায় শৃঙ্খলা ও গতি আনতে,” বলেন তিনি।

সাম্প্রতিক কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘটনাটির পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এ জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞরা আসবেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী শ্রমিকদের সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বিমানবন্দর ব্যবস্থাপনায় আসবে দৃশ্যমান পরিবর্তন।

This post was viewed: 104

আরো পড়ুন