Ridge Bangla

রুশ স্থগিত সম্পদ ব্যবহার করতে ইউরোপ–ইউক্রেনের সিদ্ধান্ত, মস্কোর পাল্টা মামলা

ইউক্রেনের যুদ্ধকালীন অর্থ ঘাটতি মেটাতে রাশিয়ার স্থগিত সম্পদ ব্যবহারের উদ্যোগে এবার পাল্টা আইনি লড়াই শুরু করেছে মস্কো। বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। মস্কোর অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সম্পদ চুরি করতে চাইছে।

টানা চার বছরের যুদ্ধে ইউক্রেনের অর্থভাণ্ডার কার্যত খালি। আগামী দুই বছরে দেশটির ১৩৫.৭ বিলিয়ন ইউরোর বাজেট ঘাটতি পূরণে সমাধান হিসেবে ইইউ নেতারা তাকিয়ে আছেন রাশিয়ার স্থগিত অর্থের দিকে। ব্রাসেলসের শীর্ষ সম্মেলনে আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত অনুমোদনের আশা করা হচ্ছে।

ইইউতে রাশিয়ার মোট ২১০ বিলিয়ন ইউরো সম্পদ জমা রয়েছে। এর মধ্যে ১৮৫ বিলিয়ন ইউরোক্লিয়ারে আটকে আছে। ব্রাসেলস একে ক্ষতিপূরণ ঋণ বলে উল্লেখ করছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, “রাশিয়া যা ধ্বংস করেছে তা পুনর্গঠনে তাদের অর্থই ব্যবহার হওয়া ন্যায্য।”

এই সম্পদ ব্যবহারের বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসও বলেন, এই সম্পদ ইউক্রেনকে ভবিষ্যৎ রুশ হামলা থেকে রক্ষা করতে সক্ষম করবে।

অর্থের এই বণ্টন নিয়ে মস্কোর পাশাপাশি বেলজিয়ামও উদ্বিগ্ন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভার সতর্ক করে বলেছেন, যদি এই পরিকল্পনা তাঁর দেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়, তবে তিনি আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। ইউরোক্লিয়ারের প্রধান নির্বাহীও সতর্ক করে দিয়ে বলেছেন, এই সম্পদ ব্যবহারে আন্তর্জাতিক আর্থিক স্থিতি হুমকির মুখে পড়তে পারে।

This post was viewed: 29

আরো পড়ুন