রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে গেন্ডারিয়া থেকে দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের বাসায় ফিরছিলেন পিংকি। পোস্তগোলা ব্রিজের নিচে পৌঁছালে অসাবধানতাবশত তার পরনের ওড়না চলন্ত রিকশার চাকায় জড়িয়ে যায়। এতে ওড়নার টানে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পিংকিকে মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই জাহিদ জানান, বোনকে রিকশায় তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি দুর্ঘটনার খবর পান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।