Skip to main content

Ridge Bangla

রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি, স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগে ইসির চিঠি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে এ বৈঠকের জন্য এখনো নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ হয়নি।

রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিটি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সেই শূন্য পদে নির্বাচন সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এ কারণে স্পিকার নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। পাশাপাশি সহযোগী কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দফতরে অবস্থান করবেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রয়োজনীয় আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে স্পিকারের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণের অনুরোধও চিঠিতে জানানো হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন