রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। পাশাপাশি তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে? শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিএনপি যোগ্য ও জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি বানাতে চায় না।’
দেশে প্রত্যাশিত পরিবর্তন হয়নি দাবি করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু দেশে কার্যত কোনো পরিবর্তন হয়নি। মাদক কারবার বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, দলীয়করণ বন্ধ হয়নি এবং জমি দখলও বন্ধ হয়নি।’
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ ও আদালত- সবই যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে কোথাও ন্যায়বিচার পাবেন না। এই সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন ও সংস্কারের প্রকৃত বাস্তবায়ন চাইলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।’
সংসদে দলের বর্তমান অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমানে সংসদে এনসিপির মাত্র আটজন সদস্য রয়েছেন। এই আটজন সদস্যই জনগণের পক্ষে একশো জনের ভূমিকা পালন করছেন। এনসিপি প্রধান বিরোধী দল হতে পারলে জনগণের জন্য আরও বেশি ভূমিকা রাখতে পারত। ভবিষ্যতে জনগণ সমর্থন দিলে এনসিপি দেশ থেকে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করবে।’
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল এবং সর্বস্তরের জনগণ পেছন থেকে সহযোগিতা করেছে। অথচ জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় কতজন গ্রেপ্তার হয়েছে, তা আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই। ফ্যাসিস্টরা যদি আবারও তাণ্ডব চালায়, তবে এর দায় সরকার ও পুলিশ প্রশাসনকেই নিতে হবে।’
পদযাত্রা ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।