রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। শুক্রবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৪০ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন।
এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ওই সময় পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার।