সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগকে আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুযোগ-সুবিধাও তিনি পাবেন।
রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহযোগিতা সরকার পেয়েছে। দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধসংক্রান্ত বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের গত প্রায় ৫ থেকে ৬ মাস তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন।
বিরোধী দলগুলোর অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা সবার রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপিসহ অন্যরা রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। তবে সেখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য নেই।
সাবেক রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা সম্পর্কে তিনি বলেন, আইন অনুযায়ী তিনি সব ধরনের প্রাপ্য সুবিধা ভোগ করবেন। তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সুরক্ষা আরও ৬ মাস বহাল থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাঁর নিরাপত্তা নিশ্চিত করবে।
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথন নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে বিশ্বের যেকোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব। তাই শুধু কথা বলার জন্য লন্ডনে যেতে হবে, এমন দাবি তাঁর কাছে অলীক মনে হয়।
রথযাত্রা ও উল্টো রথ উৎসব প্রসঙ্গে তিনি বলেন, উৎসব দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও এ ক্ষেত্রে সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুবাই কর্তৃপক্ষ যেসব নথি চেয়েছে, সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে।
পুলিশ সদস্যদের বিষয়ে তিনি বলেন, যারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের সেবা করবেন, সরকার তাদের পুরস্কৃত করবে। তবে দায়িত্বে ব্যত্যয় ঘটলে তাদের তিরস্কারের মুখোমুখি হতে হবে।