Ridge Bangla

রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল থেকে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। রোববার ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটি আটক করা হয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ছয় ঘণ্টাব্যাপী এই অভিযানে অংশ নেন রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তারা। অভিযানে সহায়তা করে রয়্যাল এয়ার ফোর্স।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্মায়রটস নামের ট্যাঙ্কারটিতে তদন্ত চলবে। এ সময় এটি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আটক রাখা হবে এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হবে।

অভিযানকে রাশিয়ার বিরুদ্ধে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ‘এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরও একটি বড় আঘাত। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, রাশিয়া শ্যাডো ফ্লিট থেকে পাওয়া অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এই অভিযান পুতিনের যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর বড় আঘাত।

বিবিসির তথ্য অনুযায়ী, অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপ, রয়্যাল এয়ার ফোর্সের পি-৮ বিমান এবং যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নেয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল রপ্তানির জন্য রাশিয়া দীর্ঘদিন ধরে এই ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহর ব্যবহার করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলের ৭৫ শতাংশের বেশি পরিবহন করে সাত শতাধিক জাহাজের এই বহর। ক্রেমলিনের অর্থনৈতিক কার্যক্রম চালু রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই মধ্যে এই বহরের পাঁচ শতাধিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

This post was viewed: 3

আরো পড়ুন