Ridge Bangla

রামাল্লার কাছে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে সিনজিল শহরের কাছে ১০০ জনের বেশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, হামলাকারীরা ফিলিস্তিনি বাসিন্দা ও কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (১৭ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনার বিষয়ে সিনজিলের মেয়র মোতাজ তাওয়াফশেহ আনাদুলু এজেন্সিকে বলেন, ১০০ জনের বেশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী শহরের উপকণ্ঠে হামলা চালায়। এ সময় তারা স্থানীয় বাসিন্দা ও কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কৃষিজ ফসল পুড়িয়ে দেয়।

মেয়র জানান, হামলাকারীরা শহরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিরক্ষা কমিটির সদস্যরা তাদের বাধা দেন। সাধারণ মানুষের ওপর হামলা প্রতিহত করতেই তারা প্রতিরোধ গড়ে তোলেন।

তার ভাষ্য, হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনীও শহরটি ঘিরে ফেলে এবং সব প্রবেশপথ বন্ধ করে দেয়।

মোতাজ তাওয়াফশেহ বলেন, “সিনজিলের বিরুদ্ধে চলমান ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।”

তিনি আরও জানান, শহরে হামলাকারীদের প্রবেশ ঠেকাতে এবং বাসিন্দাদের সুরক্ষায় স্থানীয়রা এখনো প্রতিরোধ অব্যাহত রেখেছেন।

এদিকে পৃথক এক ঘটনায় জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন এবং আরও একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের দেইর জারির গ্রামেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে। তবে সেখানে হতাহত বা আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

অন্যদিকে, বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-মিনিয়া গ্রামে একটি পানির নেটওয়ার্ক ধ্বংস এবং দুটি পানির ট্যাংক চুরির অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

This post was viewed: 4

আরো পড়ুন