Skip to main content

Ridge Bangla

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার (১৬ জুলাই) রাতে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে নতুন কর্মসূচি গ্রহণ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দিনভর রাজনৈতিক অঙ্গনে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “দেশে গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী দোসররা অরাজকতার চরম ছক আঁকছে। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা নৈরাজ্যের বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং রাজনৈতিক ফায়দা লুটতেই এসব নীলনকশা করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

বিএনপির নেতারা জানিয়েছেন, রাতে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

This post was viewed: 54

আরো পড়ুন