দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে এলেও আবহাওয়ার অস্থিরতা কাটেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যেই দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শুক্রবার (৮ মে) রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়। এছাড়া নওগাঁ, ফরিদপুর, রাজশাহী, কিশোরগঞ্জ, দিনাজপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।