রাজশাহী মহানগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। কিছু সময় অবস্থানের পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক ছিল। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মিছিলের ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ চলছে।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।