Ridge Bangla

রাজশাহীতে খাবার কেনা নিয়ে দুই রেস্তোরাঁয় হামলা, ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

খাবার কেনাকে কেন্দ্র করে রাজশাহীতে একই মালিকের দুইটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ‘বাংলা টিফিন’ ও ‘বঙ্গভোজ’ নামের দুই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

হামলার সময় দুর্বৃত্তদের হাতে লাঠি, ছুরি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। ককটেল বিস্ফোরণে মতিহার থানার কনস্টেবল ফয়েজ আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিনোদপুরের বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবার কিনতে যান স্থানীয় রমজান নামের এক ব্যক্তি। খাবার দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এর কিছুক্ষণ পর রমজানের অনুসারীরা ছুরি, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিনোদপুর বাজারের বাংলা টিফিন ও মণ্ডলের মোড় এলাকার বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর বলেন, ‘স্থানীয় রমজান নামের এক নেতা বাংলা টিফিনে খাবার কিনতে যান। তাকে রেস্তোরাঁ থেকে একটি প্যাকেট খাবার দেওয়া হয় এবং আরেকটি প্যাকেট দিতে ২০ মিনিট সময় লাগবে বলে জানানো হয়। এতে তিনি উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন।’

তিনি আরও বলেন, ‘পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু ততক্ষণে রমজানের লোকজন দলবেঁধে বাংলা টিফিন ও বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা চালায়।’

This post was viewed: 3

আরো পড়ুন