Skip to main content

Ridge Bangla

রাজবাড়ীতে ব্যবসায়ী জাহিদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুল (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা এলাকার রাজুর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী শহরের কিশলয় স্কুলের সামনে যাওয়ার সময় রাতুল ও তার সহযোগীরা জাহিদ ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের গ্রেপ্তারে সহায়তার জন্য র‍্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ধারাবাহিকতায় র‍্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) ও র‍্যাব-৪ যৌথভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি রাতুলকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

This post was viewed: 21

আরো পড়ুন