জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে জরিমানা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কোস্ট গার্ডের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২০টি চায়না দুয়ারী জাল এবং ১৬০ কেজি জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয়। জাটকা আহরণের দায়ে তিন জেলেকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে মোট চার হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।