প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও রাষ্ট্র গঠনের জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জনমত তৈরিতে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন এবং ১৭ জন শিক্ষার্থী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে প্রশ্ন করেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজপথের আন্দোলন দিয়ে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য আলোচনা, পরিকল্পনা ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে ইতিবাচক জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন। এতে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।