Skip to main content

Ridge Bangla

রাজধানীতে শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট-২০২৬।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বৈশ্বিক সংযোগ জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনের এ সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নে মতামত ও দিকনির্দেশনা দেবেন।

সংবাদ সম্মেলনে সচিব আরও জানান, সরকার, শিল্পখাত এবং একাডেমিয়ার সমন্বয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা ও নীতিনির্ধারণের জন্য ‘ন্যাশনাল এআই ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামিটের অংশ হিসেবে আয়োজন করা হবে বিয়ার ইনোভেশন এক্সপো-২০২৬। এ প্রদর্শনীতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক খাতের নতুন প্রযুক্তি তুলে ধরা হবে। এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মো. আনোয়ার হোসেন বলেন, দেশের প্রযুক্তি সম্ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, উচ্চপ্রযুক্তি, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতে বাংলাদেশের নতুন সম্ভাবনাগুলো তুলে ধরতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

This post was viewed: 12

আরো পড়ুন