কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা মো. শাহাদাত হোসেনকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাসবিরোধী ও আন্তদেশীয় অপরাধ বিভাগ।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, শাহাদাত হোসেন বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কম্বোডিয়ায় সক্রিয় একটি মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা হিসেবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শাহাদাত দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে কম্বোডিয়ায় পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় আরও তথ্য সংগ্রহ এবং মানব পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।