Ridge Bangla

রয়টার্সের দাবি: ডার্ক ওয়েবে ফাঁস ভারতের কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রের নথি

ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্সের একটি সার্ভার থেকে ফাঁস হওয়া তথ্যের মধ্যে দেশের বৃহত্তম কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত নথিও রয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া তাদের অবস্থান স্পষ্ট করেছে। খবর বিবিসির।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র-সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে। সংস্থাটির দাবি, রিলায়েন্স গ্রুপের গাফিলতির কারণেই এসব তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। তবে রিলায়েন্স এ বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে অবহিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলো কেবল নিয়মিত ‘ব্যালেন্স অব প্ল্যান্ট’ জনসেবামূলক সুবিধার সঙ্গে সম্পর্কিত। এগুলোর সঙ্গে পারমাণবিক নিরাপত্তা, নিরাপত্তাব্যবস্থা বা স্পর্শকাতর তথ্যের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে সংস্থাটি। তবুও বিষয়টি ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রয়টার্সের তথ্যমতে, ‘ওয়ার্ল্ড লিকস’ নামে একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী ডার্ক ওয়েবে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র-সংক্রান্ত নথি প্রকাশ করেছে। এসব নথির মধ্যে কেন্দ্রটির কিছু অংশের নকশা এবং বিভিন্ন তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ তথ্য ফাঁসের ঘটনাটি স্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ইয়োটা নামে একটি তৃতীয় পক্ষের ভারতীয় তথ্যভান্ডার থেকে এসব তথ্য ফাঁস হয়েছে। তবে কোন কোন নথি প্রকাশিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি রিলায়েন্স।

সাইবার নিরাপত্তা গবেষক রাকেশ কৃষ্ণান প্রথম রয়টার্সকে এ বিষয়ে অবহিত করেন। তার তথ্য অনুযায়ী, অনলাইনে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র সম্পর্কিত প্রায় ১৯ হাজার নথি পাওয়া যাচ্ছে, যার মোট আকার ১৪.৩ গিগাবাইট। ১১ জুন থেকে এসব নথি অনলাইনে দেখা যাচ্ছে।

তবে রয়টার্স জানিয়েছে, তারা প্রকাশিত নথিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ‘ওয়ার্ল্ড লিকস’ ওয়েবসাইটে রিলায়েন্স গোষ্ঠীর মোট ৮ লাখ ৫৮ হাজার নথি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৯ হাজার নথি কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত।

রিলায়েন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ২০১৮ সালে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩ ও ৪ নম্বর ইউনিটের অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায়। ইউনিট দুটি এখনো চালু হয়নি এবং নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২৭ সালে এগুলো চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইয়োটা এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ মে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মালিকানাধীন ও রক্ষণাবেক্ষণাধীন একটি সার্ভারে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা হয়। বিষয়টি নজরে আসার পরই তা বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহভাজন র‍্যানসমওয়্যারটি প্রতিরোধ করা হয়।

ইয়োটা আরও জানিয়েছে, জুন মাসের শেষ দিকে তারা রিলায়েন্স গ্রুপকে অবহিত করে যে তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, শুরুতে তারা পুরো বিষয়টি সম্পর্কে নিশ্চিত ছিল না। তবে তদন্তে যে তথ্য পাওয়া গেছে, তা রিলায়েন্সকে জানানো হয়েছে এবং তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করেছে।

This post was viewed: 2

আরো পড়ুন