তৈরি পোশাক খাতের বাইরে দেশের রপ্তানি খাতকে শক্তিশালী ও বহুমুখী করতে ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এ তহবিল ঘূর্ণায়মান ভিত্তিতে পরিচালিত হবে।
স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর রপ্তানিকারকদের জন্য ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। অর্থায়নের মেয়াদ হবে তিন বছর এবং সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড সুবিধা থাকবে।
রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী সর্বোচ্চ অগ্রাধিকার ও বিশেষ উন্নয়ন খাতভুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলো এই সুবিধা গ্রহণ করতে পারবে। বিশেষ করে স্থানীয় কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে। পাট ও চামড়া খাতকে সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।