বাজারে ন্যায্য দাম না পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলুচাষিরা চরম লোকসানের মুখে পড়েছেন। সংরক্ষণ সংকট ও দামপতনের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে আলু রাস্তার পাশে ফেলে দিচ্ছেন। এতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সোমবার (৪ মে) উপজেলার চেংমারী ও কুরিয়ার মোড় এলাকা ঘুরে দেখা যায়, শত শত বস্তা পচা আলু রাস্তার ধারে স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৫ হাজার ৩১০ হেক্টর জমিতে আলু চাষ করে প্রায় ১ লাখ ৫৪ হাজার টন উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে দাম কমে গেছে।
বর্তমানে মাঠপর্যায়ে আলুর দাম কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা, যেখানে উৎপাদন খরচ ১৮ থেকে ১৯ টাকা। ফলে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সংরক্ষণের জন্য উপজেলায় একমাত্র হিমাগারের ধারণক্ষমতা প্রায় পূর্ণ। ফলে অনেকেই বাড়িতে আলু মজুত করেন। কিন্তু টানা বৃষ্টি ও আর্দ্রতায় এসব আলু দ্রুত পচে যাচ্ছে।