Skip to main content

Ridge Bangla

রংপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ নারীর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক রংপুরের পাগলাপীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

নিহত রাধা রানী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকার দুলাল সরকারের স্ত্রী। অঞ্জনা রানী একই এলাকার দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী। তারা পরস্পরের আত্মীয় ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে পুলিশ ঘাতক ট্রাক, যার নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮, এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। জব্দ করা দুটি যানবাহন বর্তমানে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন