Skip to main content

Ridge Bangla

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণের রায় বাতিলের দাবিতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প

মার্কিন লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারলের করা যৌন নিপীড়ন মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় বাতিলের আবেদন জানিয়ে আবারও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে এ আবেদন করেন।

এর আগে গত জুন মাসেও একই ধরনের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে সে সময় সর্বোচ্চ আদালত আবেদনটি খারিজ করে দেন।

ই. জেন ক্যারল ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানে অবস্থিত বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তিনি ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হন।

২০২৩ সালে নিম্ন আদালত মামলার রায় ঘোষণা করে ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসেবে ৮ কোটি ৮৩ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেন।

পরে ট্রাম্প ফেডারেল আদালতে আপিল করলে সেই আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর ২০২৫ সালে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। সেখানে তার আইনজীবীরা দাবি করেন, ২০১৯ সালে মামলা দায়েরের পর থেকে জেন ক্যারল ইতোমধ্যে ট্রাম্পের কাছ থেকে প্রায় ৫৬ লাখ ৩০ হাজার ডলার আদায় করেছেন।

এই যুক্তিতে তারা নিম্ন আদালতের ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন জানান।

তবে আদালত রায়ে বলেন, ট্রাম্প মোট ক্ষতিপূরণের সামান্য একটি অংশ পরিশোধ করেছেন। বাকি অর্থও তাকে পরিশোধ করতে হবে।

গত মাসেও একই রায় বাতিলের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। কিন্তু আদালত সেই আবেদনও খারিজ করে দেন।

এরপর গতকাল আবারও একই রায় বাতিলের আবেদন জানানো হয়েছে।

এদিকে এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

This post was viewed: 4

আরো পড়ুন