Ridge Bangla

যৌন নিপীড়নের দায়ে গ্রেপ্তার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে

অপ্রাপ্তবয়স্ক এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি ভাগীরথ সাইকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বান্দি সঞ্জয় কুমার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিজেপির সংসদ সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা হাইকোর্ট তার ছেলেকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই বান্দি ভাগীরথ সাইকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার গভীর রাত পর্যন্ত চলা শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট সাইকে কোনো অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়নি। আদালতে সাইয়ের আইনজীবী জানান, মামলার বাদী তরুণীর মা দাবি করেছেন যে, তার মেয়ে গত বছর সাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল।

এদিকে বান্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে সাই দাবি করেছেন, পুরো ঘটনাটি একটি ‘হানি ট্র্যাপ’ এবং ওই তরুণীর মা তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন।

এর আগে সাই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, ওই তরুণী ও তার বাবা-মা বিয়ের জন্য চাপ দিয়ে ৫ কোটি রুপি দাবি করেন।

উল্লেখ্য, ১৭ বছর বয়সী এক তরুণী সাইয়ের বিরুদ্ধে হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগ আনার পর মামলাটি দায়ের করা হয়। ২৫ বছর বয়সী ভাগীরথ সাইয়ের বিরুদ্ধে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন