Ridge Bangla

যুবকের মৃত্যু ঘিরে মামলা নিতে অর্থ দাবি: থানা ঘেরাও, এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মো. জোবায়ের হোসেন (১৮) মারা গেছেন। তার মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী রবিবার (৭ জুন) রাতে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগরে ভাড়া বাসায় থাকতেন। গত ৩ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু লিখিত অভিযোগ গ্রহণ করে। তখন মামলা দায়েরের জন্য কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাসুদ ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জোবায়েরের মরদেহ এলাকায় পৌঁছানোর পর তারা লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। মামলা নিতে গড়িমসি ও ঘুষ চাওয়ার অভিযোগে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা গ্রহণের পাশাপাশি একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

This post was viewed: 3

আরো পড়ুন