সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, এই সময় সামরিক অবকাঠামো পুনর্গঠন ও নতুন সরঞ্জাম সংযোজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার দেওয়া এক বক্তব্যে আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের সেনাবাহিনী সামরিক সক্ষমতা পুনর্গঠন ও শক্তিশালী করার কাজ এগিয়ে নিয়েছে। এর অংশ হিসেবে মেরামত করা বিভিন্ন সামরিক ব্যবস্থা আবার চালু করা হয়েছে এবং নতুন সরঞ্জাম সেনাবাহিনীর কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
তার দাবি, নতুন সরঞ্জাম যুক্ত হওয়ার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় আরও উন্নত হয়েছে।
আকরামিনিয়া বলেন, “আমরা সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। তিন মাসের যুদ্ধবিরতির সময়টি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য একটি ভালো সুযোগ ছিল।”
তিনি আরও দাবি করেন, সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধে ওয়াশিংটন তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
তার ভাষ্য, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং দেশটির সশস্ত্র বাহিনীর মনোবল ও সংকল্প ভেঙে দেওয়াসহ যুক্তরাষ্ট্রের ঘোষিত বা কথিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি।
ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য পদক্ষেপের যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জোর দেন আকরামিনিয়া।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত করতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী নতুন কৌশলও প্রস্তুত করেছে বলে জানান তিনি।