ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ’র বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২০ জুন) ভোর থেকে নাবাতিয়াহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
একই সময়ে ওই এলাকায় কামান থেকেও গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম।
এর আগে শুক্রবার যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর ২টি সূত্র রয়টার্সকে চুক্তির বিষয়টি নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
কয়েক সপ্তাহের সংঘর্ষ ও উত্তেজনার পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে চুক্তি কার্যকরের পর নতুন করে হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
এ বিষয়ে ইসরায়েল বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।