প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে প্রথম চালান, যেখানে রয়েছে ৫৬ হাজার ৯৫৯ টন গম। এটি বাংলাদেশের ইতিহাসে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রথম চালান বলে নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমওইউ-এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি জাহাজে করে প্রথম চালানটি এসে পৌঁছেছে। ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। গুণগত মান নিশ্চিত করতে আমদানি করা গমের প্রতিটি নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষার ফল ইতিবাচক হলে তা দ্রুত দেশের বিভিন্ন গুদামে পাঠানো হবে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈশ্বিক বাজারে খাদ্যশস্যের মূল্য ও সরবরাহ অনিশ্চিত থাকায় যুক্তরাষ্ট্র থেকে সরাসরি গম আমদানি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার করবে। এ উদ্যোগে দেশের অভ্যন্তরীণ বাজারেও গমের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।