Ridge Bangla

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কড়া বার্তা দিয়ে বলেছেন, যুদ্ধ পরিস্থিতির অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের হাতে আর মাত্র ২-৩ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবার সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে দেশটি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে আবারও হামলা হলে নতুন কৌশল ও নতুন ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া এক জনসমাবেশে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্ররোচনায় আবারও ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে ভিন্ন পদ্ধতি ও আধুনিক অস্ত্রের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানকে অবরুদ্ধ করা বা পরাজিত করা সম্ভব নয়।

আক্রমিনিয়া আরও বলেন, যুদ্ধবিরতির সময়কালকেও ইরান সামরিক প্রস্তুতি জোরদারের সুযোগ হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি তিনি দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরবে না।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। মর্যাদা, জাতীয় অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার অবস্থান থেকেই তেহরান আলোচনায় অংশ নিচ্ছে।

দেশ দুটির সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুমকি ও অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হলেও এতে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন