যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাই ও এলজি এনার্জি সল্যুশনের যৌথ উদ্যোগে পরিচালিত ব্যাটারি কারখানায় বৃহৎ অভিবাসন অভিযানে দক্ষিণ কোরিয়ার শতাধিক নাগরিক আটক হয়েছেন। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ অভিযান চালিয়ে মোট ৪৭৫ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে প্রায় তিনশ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে সিউল।
আইসিই জানায়, স্বল্পমেয়াদি বা ভ্রমণ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পান না। আটক ব্যক্তিরা অবৈধভাবে কারখানায় কর্মরত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের ভিডিওচিত্রে দেখা গেছে, এশীয় শ্রমিকদের হাতকড়া পরিয়ে বাইরে দাঁড় করানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযানকে সমর্থন জানিয়ে বলেন, “আইসিই শুধু তার কাজ করেছে।”
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জরুরি বৈঠক করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেন। প্রয়োজনে তিনি ওয়াশিংটন সফরে যাবেন বলেও জানান। এদিকে এলজি এনার্জি সল্যুশন যুক্তরাষ্ট্রে সব ধরনের ব্যবসায়িক সফর স্থগিত করেছে এবং আটক কর্মীদের মুক্তির জন্য জরুরি পদক্ষেপ নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ ঘটনাকে ‘আঘাতজনক’ বলে উল্লেখ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনা দুই দেশের বাণিজ্য সম্পর্ক ও বিদেশি বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলতে পারে।