যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে অংশুল কুঞ্চা (২৮) নামে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবারের অভিযোগ, পিৎজার অর্ডারকে ফাঁদ হিসেবে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
রোববার (৭ জুন) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত অংশুল ভারতের তেলেঙ্গানার বাসিন্দা। যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি বাড়তি আয়ের জন্য খণ্ডকালীন পিৎজা ডেলিভারি কর্মী হিসেবেও কাজ করতেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে উত্তর ফিলাডেলফিয়ার এডগলি স্ট্রিটের একটি আবাসিক ভবনে পিৎজা পৌঁছে দেওয়ার অর্ডার পান অংশুল। সেখানে যাওয়ার কিছু সময় পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। পরে রাত প্রায় ১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তে জানা গেছে, যে ফ্ল্যাটে অংশুল পিৎজা দিতে গিয়েছিলেন, সেটি খালি ছিল। ভবনের নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি ভেতরে প্রবেশ করার সময় দুজন ব্যক্তি তাঁকে অনুসরণ করছিল।
ঘটনাস্থল থেকে তিনটি ব্যবহৃত গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, খুব কাছ থেকে অংশুলকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। পরে তাঁর গাড়িও উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অংশুলের মৃত্যুতে শোক জানিয়েছে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে অংশুলের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তাঁর বোন তানভি জানান, প্রায় চার বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন অংশুল এবং কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা ছিল বলে পরিবারের জানা নেই।
তিনি বলেন, ‘সে খুবই হাসিখুশি মানুষ ছিল। কেন তাকে হত্যা করা হলো, তার দ্রুত তদন্ত চাই।’
একই সঙ্গে ভাইয়ের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তানভি।