যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে একটি ফ্লাইটে করে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
জানা গেছে, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুই বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর তার সহবাসী হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, ৩০ এপ্রিল নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। তার মরদেহ আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে জানাজা শেষে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, নিহত বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।
লিমন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত ছিলেন। অন্যদিকে বৃষ্টি রসায়ন প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন।