যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়। দুবাই হয়ে মরদেহটি আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেছে মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানো হয়।
বাংলাদেশ সরকার লিমন ও বৃষ্টি উভয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার সম্পূর্ণ ব্যয় বহন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ১ মে যুক্তরাষ্ট্রের হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটির সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নিহত বৃষ্টির জানাজা স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা আসন্ন সমাবর্তনে প্রদান করা হবে।