Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনায় ১৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে কার্গো প্লেন দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার টেকঅফের পরপরই ইউপিএসের একটি এমডি-১১ কার্গো বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে একাধিক ভবন পুড়ে যায় এবং লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ইউপিএস জানিয়েছে, দুর্ঘটনার পর সতর্কতা হিসেবে বহরে থাকা তাদের এমডি-১১ মডেলের বিমান উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ফেডএক্সও একই সিদ্ধান্ত অনুসরণ করেছে।

দুর্ঘটনার কারণ এখনও শনাক্ত হয়নি। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানায়, টেকঅফের সময় বিমানের বাম দিকের ইঞ্জিনে আগুন ধরে এবং সেটি ডানার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে প্রায় ৩৮,০০০ গ্যালন জ্বালানি ছিল, যা আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে।

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, আমরা প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের জন্য প্রার্থনা করছি এবং আশা করছি আর কোনো প্রাণহানি না ঘটে।

ইউপিএস ও ফেডএক্স বিশ্বের দুই বৃহত্তম কার্গো বিমান পরিবহন কোম্পানি। উভয়ের বহরে উল্লেখযোগ্যসংখ্যক এমডি-১১ বিমান রয়েছে। ইউপিএস জানিয়েছে, পরিষেবা বজায় রাখতে তাদের বিকল্প পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 55

আরো পড়ুন