যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঘটে এ দুর্ঘটনা।
ইউপিএস জানিয়েছে, ফ্লাইট-২৯৭৬ নামের বিমানে তিনজন ক্রু ছিলেন, তবে তাদের অবস্থান বা নিরাপত্তা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংস্থাটি জানিয়েছে, উদ্ধার ও সহায়তা কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা নিবিড়ভাবে কাজ করছে।
ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের। এটি লুইসভিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের ড্যানিয়েল কে. ইনৌয়ে আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে রওনা হয়েছিল। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পুরো এয়ারফিল্ড বন্ধ ঘোষণা করে। লুইসভিল মেট্রো পুলিশ আশপাশের পাঁচ মাইল এলাকাজুড়ে ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ জারি করেছে। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে ফুটেজগুলোর সত্যতা যাচাই করছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত শুরু করেছে। উদ্ধারকর্মীরা বর্তমানে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে, এবং স্থানীয় গণমাধ্যম বলছে, ঘটনাস্থলজুড়ে জরুরি যানবাহনের তৎপরতা অব্যাহত রয়েছে।